• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

রস নেই, তবু তৈরি হচ্ছে খেজুরের গুড়; কারখানায় মিলল ভয়ংকর সব উপকরণ।

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
রস নেই, তবু তৈরি হচ্ছে খেজুরের গুড়; কারখানায় মিলল ভয়ংকর সব উপকরণ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*রস নেই, তবু তৈরি হচ্ছে খেজুরের গুড়; কারখানায় মিলল ভয়ংকর সব উপকরণ।* 


 *উপশিরোনাম:* চিনি, টেক্সটাইল রং ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়; প্লাস্টিক পুড়িয়ে উৎপাদন, অনলাইনে বিক্রি হচ্ছে খাঁটি নামে।

শীত এলেই বাজারে বাড়ে খেজুরের গুড়ের চাহিদা। সেই সুযোগ কাজে লাগিয়ে রাজশাহী ও আশপাশের এলাকায় খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে গুড়। চিনি, ফিটকিরি, চুন, রাসায়নিক রং ও বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশিয়ে তৈরি এসব গুড় বিক্রি হচ্ছে খাঁটি খেজুরের গুড়ের নামে। এমনকি উৎপাদনের কাজে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে প্লাস্টিকও।

রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার বিভিন্ন বাড়িতে গড়ে উঠেছে এ ধরনের অবৈধ উৎপাদনকেন্দ্র। বুধবার (২৬ নভেম্বর) বাঘা উপজেলার আড়ানী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এসআরবির যৌথ অভিযানে ভেজাল গুড় তৈরির এমন চিত্র উঠে আসে। এ সময় পাঁচ ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় এক হাজার কেজি ভেজাল গুড় তৈরির সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করে ধ্বংস করা হয়।

এসআরবি-৫-এর ডেপুটি কমান্ডার মেজর মোস্তাফিজুর রহমান জানান, এসব গুড়ে খেজুরের রস কিংবা আখের নির্যাসের কোনো অস্তিত্ব নেই। পরিশোধিত চিনির সঙ্গে ফিটকিরি, চুন, রাসায়নিক রং, টেক্সটাইল ডাই ও গ্যাস পাউডার মিশিয়ে তৈরি করা হচ্ছে গুড়। রান্নার কাজে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে প্লাস্টিক।

তিনি বলেন, প্লাস্টিক পোড়ানোর ফলে নির্গত বিষাক্ত ধোঁয়া গুড়কে দূষিত করছে। দীর্ঘদিন এ ধরনের পণ্য খেলে বিশেষ করে শিশুদের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। কয়েকটি উপজেলায় ভেজাল গুড় উৎপাদন এখন অনেকটা কুটিরশিল্পের রূপ নিয়েছে। রাজশাহী ও নাটোরের কিছু এলাকায় এ ধরনের উৎপাদন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

শুধু স্থানীয় বাজার নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন বাণিজ্যিক প্ল্যাটফর্মেও এসব গুড় বিক্রি হচ্ছে। সেখানে পণ্যগুলোকে ‘জৈব খেজুরের গুড়’ হিসেবে প্রচার করা হচ্ছে। র‍্যাব কর্মকর্তা জানান, অনলাইনে ভেজাল গুড়ের সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িতদের শনাক্ত করাও তাদের পরবর্তী অভিযানের লক্ষ্য।

এদিকে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহী জেলা কার্যালয়ের সাম্প্রতিক পরীক্ষায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। পরীক্ষা করা ১০টি নমুনার সবকটিতেই ভেজাল পাওয়া গেছে। জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ইয়ামিন হোসেন জানান, ১০ উৎপাদনকারীর কাছ থেকে সংগ্রহ করা নমুনায় হাইড্রোজ ও ডিটারজেন্টসহ বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি মিলেছে। সংশ্লিষ্ট উৎপাদকদের খাঁটি গুড় তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় নমুনা পরীক্ষা করে সন্তোষজনক ফল পাওয়ার পরই বাজারজাতের অনুমতি দেওয়া হবে।

ভেজাল পণ্যের দাপটে বিপাকে পড়েছেন প্রকৃত গুড় উৎপাদকেরাও। চারঘাটের *উৎপাদক সাজু জানান, এক কেজি খাঁটি খেজুরের গুড় তৈরি করতে খরচ পড়ে ৩৫০ থেকে ৩৬০ টাকা। বিক্রি করতে হয় ৩৮০ থেকে ৪২০ টাকায়। অথচ ভেজাল গুড় বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১৭০ থেকে ২২০ টাকায়। ফলে খাঁটি পণ্য তৈরি করেও অসাধু ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।* 

তিনি বলেন, বেশি দাম দিয়ে ক্রেতাদের খাঁটি গুড় কেনার বিষয়ে আগ্রহী করাও এখন বড় চ্যালেঞ্জ। অনেকেই দামের পার্থক্যের কারণে কম দামের ভেজাল পণ্যের দিকে ঝুঁকছেন।

 *রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য বিশেষজ্ঞ শঙ্কর কে বিশ্বাস বলেন, ফিটকিরি, টেক্সটাইল রং ও প্লাস্টিক পোড়ানোর ধোঁয়ায় দূষিত গুড় দীর্ঘদিন খেলে কিডনি ও যকৃতের ক্ষতি, পরিপাকতন্ত্রের সমস্যা এবং শিশুদের বিকাশে প্রতিবন্ধকতা দেখা দিতে পারে।* 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ শফি উদ্দিন বলেন, এখনই ভেজাল গুড় উৎপাদন ও সরবরাহের চক্র বন্ধ করা না গেলে ডিসেম্বর ও জানুয়ারিতে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এসব পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক মো. ইব্রাহিম হোসেন জানান, ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ