• ২০২৬ নভেম্বর ১৬, সোমবার, ১৪৩৩ অগ্রহায়ণ ২
  • সর্বশেষ আপডেট : ০৬:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

একটি বিড়াল হত্যার মাশুল, ছয় মাস বাজারের সব কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি।

  • প্রকাশিত ০৬:১১ অপরাহ্ন সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
একটি বিড়াল হত্যার মাশুল, ছয় মাস বাজারের সব কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*একটি বিড়াল হত্যার মাশুল, ছয় মাস বাজারের সব কুকুর-বিড়ালকে খাওয়াবেন দোকানি।* 


 *উপশিরোনাম:* দোকানের বিস্কুট খাওয়ায় ফাঁদ পেতে মা বিড়াল হত্যা, অনুতপ্ত ব্যবসায়ীকে ছয় মাস বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের দায়িত্ব দিলেন ভ্রাম্যমাণ আদালত।

দোকান থেকে বিস্কুটসহ বিভিন্ন খাবার খাওয়ায় একটি পথবিড়ালকে ফাঁদ পেতে হত্যার অভিযোগ উঠেছে এক বেকারি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীকে প্রচলিত অর্থদণ্ডের পরিবর্তে ব্যতিক্রমী শাস্তি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আগামী ছয় মাস বাজারের সব পথকুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করতে হবে তাকে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ নির্দেশনা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, বেকারি ব্যবসায়ী সারোয়ার হোসেনের দোকান থেকে একটি বিড়াল প্রায়ই বিস্কুটসহ বিভিন্ন খাবার নিয়ে খেত। এতে ক্ষুব্ধ হয়ে তিনি দোকানে চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ তৈরি করেন। একপর্যায়ে সেই ফাঁদে আটকা পড়ে বিড়ালটি। পরে গলায় দড়ি পেঁচিয়ে বিড়ালটিকে হত্যা করা হয়। দোকানের সামনে পড়ে থাকা বিড়ালটির মরদেহ দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে মা বিড়ালটির দুটি ছোট ছানা মাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে।

ঘটনার বিচার চেয়ে স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু রোববার বিকেলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে অভিযোগ জানান। পরে প্রশাসন অভিযুক্ত ব্যবসায়ীকে তলব করে।

ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেন সারোয়ার হোসেন। তিনি জানান, দোকান বন্ধের পর রাতে বিড়ালটি ঢুকে খাবার নষ্ট করত। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফাঁদ পেতেছিলেন। তবে এ ঘটনায় অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ জানান, অভিযুক্ত ব্যক্তি নিজের ভুল স্বীকার করে মুচলেকা দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। শাস্তি হিসেবে তাকে আগামী ছয় মাস বলগাড়ি বাজারের সব পথকুকুর ও বিড়ালের প্রতিদিনের খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ