• ২০২৬ নভেম্বর ১৭, মঙ্গলবার, ১৪৩৩ অগ্রহায়ণ ৩
  • সর্বশেষ আপডেট : ০৭:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার কদর, চার মাসে আয় ৪৫৭ মিলিয়ন ডলার,আয় বেড়েছে ৯.৩৭ শতাংশ।

  • প্রকাশিত ০৭:১১ অপরাহ্ন মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬
বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার কদর, চার মাসে আয় ৪৫৭ মিলিয়ন ডলার,আয় বেড়েছে ৯.৩৭ শতাংশ।
Time Bangla news
ফজলে এলাহী সুমন | সাভার প্রতিনিধি | টাইম বাংলা নিউজ।

*বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার কদর, চার মাসে আয় ৪৫৭ মিলিয়ন ডলার,আয় বেড়েছে ৯.৩৭ শতাংশ।* 


*উপশিরোনাম:* বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশি জুতার কদর,চামড়া ও চামড়াবিহীন উভয় ধরনের জুতাতেই প্রবৃদ্ধি; যুক্তরাষ্ট্র, ভারত ও মেক্সিকোর বাজারে বাড়ছে রপ্তানির সম্ভাবনা।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের জুতার চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে রপ্তানি আয়েও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চামড়ার ও চামড়াবিহীন জুতা রপ্তানি করে ৪৫৭ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ৯ দশমিক ৩৭ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের প্রথম চার মাসে এ খাতে আয় ছিল ৪১৭ দশমিক ৮৫ মিলিয়ন ডলার। চলতি অর্থবছরে চামড়ার জুতা রপ্তানিতে আয় হয়েছে ২৬২ দশমিক ১৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ২৯ শতাংশ বেশি। অন্যদিকে চামড়াবিহীন জুতা রপ্তানিতে আয় দাঁড়িয়েছে ১৯৪ দশমিক ৮৬ মিলিয়ন ডলারে। এ খাতে প্রবৃদ্ধি ৯ দশমিক ৪৮ শতাংশ।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাসসকে জানিয়েছেন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার সম্প্রসারণ এবং চামড়া ও জুতা শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। এ খাতে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্য উৎপাদনে উদ্যোক্তাদের নীতিগত সহায়তা দেওয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, শিল্পের সমস্যা চিহ্নিত করে রপ্তানি বাড়াতে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণ এবং পণ্যের উৎপাদন ও সরবরাহের উৎস শনাক্তে জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। রপ্তানিমুখী জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাধারণ বন্ডের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে তিন বছর করার প্রস্তাবও রয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ইউরোপের বাজারে চীনের সঙ্গে মূল্য প্রতিযোগিতা থাকলেও যুক্তরাষ্ট্র ও ভারতে বাংলাদেশি জুতার ক্রয়াদেশ বাড়ছে। পাশাপাশি চলতি অর্থবছরে প্রথমবারের মতো মেক্সিকোতেও জুতা রপ্তানি শুরু হয়েছে। ফলে নতুন বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে।

এদিকে রপ্তানি বৃদ্ধির প্রভাব পড়ছে উৎপাদন ও কর্মসংস্থানেও। চামড়াবিহীন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনপলি ফুটওয়্যার গত অর্থবছরে ৩ কোটি ৮০ লাখ ডলারের জুতা রপ্তানি করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির কারখানায় প্রতিদিন ১৪ হাজার জোড়া জুতা উৎপাদিত হচ্ছে। বাড়তি ক্রয়াদেশ সামাল দিতে নতুন শিফট চালুর পাশাপাশি দেড় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে ফাইভ-আর ফুটওয়্যার মেক্সিকোতে জুতা রপ্তানি শুরু করেছে। প্রতিষ্ঠানটির মালিকের মতে, বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে। এ সম্ভাবনা কাজে লাগাতে বন্ড সুবিধাসহ ব্যবসায়িক কার্যক্রমের জটিলতা দূর করা জরুরি।

ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬-এর তথ্য অনুযায়ী, ২০২৫ রজ সালে বাংলাদেশে প্রায় ৫৫ কোটি ৪০ লাখ জোড়া জুতা উৎপাদিত হয়েছে। উৎপাদনের পরিমাণ বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। সংশ্লিষ্টদের মতে, নতুন বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণের মাধ্যমে দেশের জুতা রপ্তানি আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।

 *তথ্যসূত্র:* বাসস।

সর্বশেষ