• ২০২৬ এপ্রিল ১৫, বুধবার, ১৪৩৩ বৈশাখ ২
  • সর্বশেষ আপডেট : ০২:০৪ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ভালুকায় বাবা-ছেলের রক্তক্ষয়ী সংঘর্ষ: বিএনপি নেতা খোকা মিয়া ও ছেলে রানাকে বহিষ্কার

  • প্রকাশিত ০২:০৪ অপরাহ্ন বুধবার, এপ্রিল ১৫, ২০২৬
ভালুকায় বাবা-ছেলের রক্তক্ষয়ী সংঘর্ষ: বিএনপি নেতা খোকা মিয়া ও ছেলে রানাকে বহিষ্কার
File
ইমন সরকার, ময়মনসিংহ

ভালুকায় বাবা-ছেলের রক্তক্ষয়ী সংঘর্ষ: বিএনপি নেতা খোকা মিয়া ও ছেলে রানাকে বহিষ্কার


 ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য মো. খোকা মিয়া এবং তার ছেলে যুবদলকর্মী তোফায়েল আহম্মেদ রানাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো: খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও যুবদলকর্মী তোফায়েল আহমেদ রানার বিরুদ্ধে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে তাদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে আরো জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে বিএনপি এখন কঠোর অবস্থানে রয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডই বরদাশত করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ জানান, বহিষ্কারের বিষয়টি তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। বিস্তারিত জেনে পরে মন্তব্য করতে পারবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, পারিবারিক বিরোধের জেরে বাবা-ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় খোকা মিয়াকে লক্ষ্য করে তার ছেলে তোফায়েল আহম্মেদ রানা গুলি ছোড়েন। এতে খোকা মিয়া (৫০) গুলিবিদ্ধ হয়ে আহত হন। একই ঘটনায় খোকা মিয়ার সঙ্গী স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) নামের আরও একজন আহত হন বলে জানা গেছে।

এ ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সহিংসতা দমনে রাজনৈতিক দলগুলোর এমন কঠোর অবস্থান ভবিষ্যতে সংগঠনগত শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ