• ২০২৬ নভেম্বর ১৪, শনিবার, ১৪৩৩ কার্তিক ৩০
  • সর্বশেষ আপডেট : ১১:১১ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

ইনানীতে নলকূপের আগুন নেভাতে তৎপর বাপেক্স, মিলল বাণিজ্যিক গ্যাসের সম্ভাবনা

  • প্রকাশিত ১১:১১ অপরাহ্ন শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
ইনানীতে নলকূপের আগুন নেভাতে তৎপর বাপেক্স, মিলল বাণিজ্যিক গ্যাসের সম্ভাবনা
Time Bangla news
মোঃ মিজানুর রহমান | কুমিল্লা ব্যুরো চিফ প্রতিনিধি | টাইম বাংলা নিউজ


ইনানীতে নলকূপের আগুন নেভাতে তৎপর বাপেক্স, মিলল বাণিজ্যিক গ্যাসের সম্ভাবনা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বেরিয়ে আসা গ্যাসে ১৮ দিন ধরে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণ করে সেখানে রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

আগুন নিয়ন্ত্রণে অত্যাধুনিক কারিগরি সরঞ্জাম ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাপেক্সের বিশেষজ্ঞ দল। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে বাপেক্সের সরঞ্জামবাহী একাধিক যানবাহন ঘটনাস্থলে প্রবেশ করতে দেখা যায়।

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গ্যাস উদগীরণের স্থানটিতে গত ২৭ অক্টোবর থেকে আগুন জ্বলছে। ওই দিন সকালে স্থানীয় বাসিন্দা মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় এক হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বেরিয়ে আসে। একপর্যায়ে গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে একটানা জ্বলছে আগুন।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে কাজ শুরু করে বাপেক্সের বিশেষজ্ঞ দল। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিকভাবে ১৫ দিন ধরে আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়। গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়ার পর শুক্রবার ঘটনাস্থলে পৌঁছায় বাপেক্সের ৯ সদস্যের উচ্চপর্যায়ের কারিগরি দল।

দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার গণমাধ্যমকে বলেন, ‘আগুন যেভাবে জ্বলছে, তা আর এভাবে জ্বলতে দেওয়া ঠিক হবে না। পরিকল্পিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণের পর সেখানে একটি রিলিফ কূপ খনন এবং দ্বিমাত্রিক (২ডি) সিসমিক জরিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে।’

এর আগে বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, যথাযথ কারিগরি প্রস্তুতি ছাড়া জোর করে আগুন নেভানোর চেষ্টা করা হলে ভূগর্ভে গ্যাস জমে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি পর্যবেক্ষণের জন্য আগুন জ্বলতে দেওয়া হয়েছিল।

এদিকে বাপেক্সের গবেষণাগারে সংগৃহীত নমুনা পরীক্ষা করে গ্যাসটিকে থার্মোজেনিক গ্যাস হিসেবে শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, থার্মোজেনিক গ্যাসের উপস্থিতি ওই এলাকায় সম্ভাব্য বাণিজ্যিক গ্যাসক্ষেত্রের ইঙ্গিত দিতে পারে। তবে সেখানে প্রকৃতপক্ষে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হতে আরও কারিগরি অনুসন্ধান ও পরীক্ষা প্রয়োজন। সম্ভাবনা নিশ্চিত হলে ইনানী হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র।

এদিকে গ্যাস উদগীরণ ও আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার জানান, ঘটনার পর থেকেই প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণসহ সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করে আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ নির্ণয়, ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণ এবং ভবিষ্যতে নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে।

দীর্ঘ ১৮ দিন ধরে আগুন জ্বলতে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এখন বাপেক্সের কারিগরি উদ্যোগের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসার পাশাপাশি ইনানীর ভূগর্ভে গ্যাসের প্রকৃত মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ