ইবিতে ট্যুরিজম বিভাগের র্যাগিংয়ের দায়ে ১৭ শিক্ষার্থী বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে র্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকার দায়ে ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে দুই শিক্ষার্থীকে দুই বছর এবং বাকি ১৫ শিক্ষার্থীকে এক বছর করে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ২৭৫তম (সাধারণ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
এছাড়া এক বছরের জন্য বহিষ্কৃত ১৫ শিক্ষার্থী হলেন শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন, সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার যোবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসবুজ্জামান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।
উল্লেখ্য, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘদিন আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করতে বাধ্য করা এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এমনকি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও করেন ভুক্তভোগীরা।
এসব ঘটনায় প্রায় ১৬ জন ভুক্তভোগী শিক্ষার্থী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো।
মতামত দিন