*আলু-টমেটো-বেগুন একই গাছে, নতুন কৃষিপ্রযুক্তির পরীক্ষা।*
*উপশিরোনাম:* কলম-সংযোজন প্রযুক্তিতে একই গাছে একাধিক সবজি; অল্প জমিতে
একাধিক সবজি উৎপাদন কৃষকের আয় বাড়ানোর নতুন সম্ভাবনা।
একই গাছের ওপরের অংশে টমেটো, আর শিকড়ের নিচে আলু। আবার কোনো গাছে একসঙ্গে ফলবে টমেটো ও বেগুন। শুনতে অবাক লাগলেও আধুনিক কৃষিপ্রযুক্তির কল্যাণে এমন চাষের উদ্যোগ নিয়েছে ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলা।
কলম-সংযোজন বা গ্রাফটিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বিশেষ দুই ধরনের গাছ—‘পোমাটো’ ও ‘ব্রিজেটো’। এর মধ্যে পোমাটো গাছ থেকে পাওয়া যাবে টমেটো ও আলু। অন্যদিকে, ব্রিজেটো গাছে ফলবে টমেটো ও বেগুন।
১৩ নভেম্বর প্রকাশিত ‘দ্য পিপল’-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এই প্রযুক্তিতে দুটি ভিন্ন উদ্ভিদের উপযুক্ত অংশ জোড়া লাগিয়ে একটি গাছ তৈরি করা হয়। ফলে একই গাছের মাধ্যমে একাধিক ধরনের সবজি উৎপাদনের সুযোগ তৈরি হয়। বিশেষ করে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কাটিহার জেলা প্রশাসক আশুতোষ দ্বিবেদীর নির্দেশনায় এ ধরনের গাছ সংগ্রহের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি দফতর। এ জন্য বারাণসীর ইন্ডিয়ান ভেজিটেবল রিসার্চ ইনস্টিটিউটের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় মাটি ও আবহাওয়ায় এসব গাছের উপযোগিতা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্যায়ে কৃষকদের জমিতে পরীক্ষামূলকভাবে পোমাটো ও ব্রিজেটো চাষ করা হবে। ফলন, সবজির গুণগত মান, উৎপাদন ব্যয় এবং আর্থিক লাভের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হবে। পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে পরবর্তী সময়ে বৃহত্তর পরিসরে এ প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
কৃষি বিভাগের প্রত্যাশা, প্রযুক্তিটি সফল হলে অল্প জমিতে একাধিক সবজি উৎপাদন সম্ভব হবে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা জমির কার্যকর ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি উৎপাদন ও আয় বাড়ানোর নতুন সুযোগ পাবেন।
তথ্যসূত্র: পুবের কলম।
মতামত দিন