সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে। এতে বাস চারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত বলে জানা গেছে।
স্থানীয়রা বাসগুলোতে আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন বলেন, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এ জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
মতামত দিন