• ২০২৬ সেপ্টেম্বর ০২, বুধবার, ১৪৩৩ ভাদ্র ১৭
  • সর্বশেষ আপডেট : ০৪:০৯ পূর্বাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

কান্তজীউ মন্দিরে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক স্থাপনা

  • প্রকাশিত ০৪:০৯ পূর্বাহ্ন বুধবার, সেপ্টেম্বর ০২, ২০২৬
কান্তজীউ মন্দিরে মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন ঐতিহাসিক স্থাপনা
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য ও কান্তজীউ মন্দিরের টেরাকোটা শিল্পের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার সম্পর্ক আরও জোরদার হবে।

মঙ্গলবার জেলা প্রশাসন ও রাজদেবোত্তর এস্টেটের আয়োজনে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডিনেন ডাত্ত ও প্রটোকল অফিসার ক্লারিয়েন। মন্দিরে পৌঁছালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীরা নৃত্য পরিবেশনের মাধ্যমে তাঁকে স্বাগত জানান। পরে রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বলন ও আরতিতে অংশ নেন।

এরপর তিনি মন্দিরের অনন্য স্থাপত্যশৈলী এবং দেয়ালজুড়ে থাকা বিখ্যাত টেরাকোটা ফলক ঘুরে দেখেন। পোড়ামাটির এসব ফলকে রামায়ণ-মহাভারতের বিভিন্ন কাহিনি এবং তৎকালীন লোকজীবনের নানা চিত্র ফুটিয়ে তোলার কারুকাজ দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় সেবায়েত, প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, রাজদেবোত্তর এস্টেটের ট্রাস্টি ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরে রাজদেবোত্তর এস্টেটের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুলেল তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে তিনি ঐতিহাসিক নয়াবাদ মসজিদও ঘুরে দেখেন।

সফরের শেষ পর্যায়ে পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি লিখে রাখেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সংরক্ষণ ও উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ