• ২০২৬ অক্টোবর ০৪, রবিবার, ১৪৩৩ আশ্বিন ১৯
  • সর্বশেষ আপডেট : ০৬:১০ অপরাহ্ন
English
পরিচালনাপর্ষদ
আমাদের সাথে থাকুন আপনি ও ... www.timebanglanews.com

স্থায়ী চাকরির দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে মানববন্ধন

  • প্রকাশিত ০৬:১০ অপরাহ্ন রবিবার, অক্টোবর ০৪, ২০২৬
স্থায়ী চাকরির দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনিতে মানববন্ধন
টাইম বাংলা নিউজ
মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও খনি শ্রমিকরা। রোববার (৪ অক্টোবর) খনির প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে খনি কর্তৃপক্ষ নতুন করে নিয়োগ কার্যক্রম চালানোর চেষ্টা করছে। একই সঙ্গে অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।

এ সময় বক্তারা চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে উচ্চ আদালতের রায় ও নির্দেশনা অনুসরণ করে স্বচ্ছ এবং বিধিসম্মতভাবে নিয়োগ সম্পন্ন করার দাবি জানান। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না করে কোনো একতরফা নিয়োগ মেনে নেওয়া হবে না বলেও তারা জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত তোফায়েল আহমেদ, লিয়াকত আলী, ইউনিয়ন পরিষদ সদস্য সাইদুর রহমান, শ্রমিকদের পক্ষে মাহাবুব হোসেন, তের গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা ও শ্রমিক এরশাদসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই সব ধরনের অনিয়ম বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হবে।

দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। প্রয়োজনে বড়পুকুরিয়া কয়লা খনির কার্যক্রম অচল করে দেওয়ার মতো কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তারা।

সর্বশেষ