কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার কার্যক্রম আরও গতিশীল করতে যোগ্যতা, কর্মদক্ষতা ও দায়িত্ব পালনের মানসিকতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেছেন, ‘শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলে হবে না, সমিতির জন্য সময় দিতে হবে। যাঁরা দায়িত্ব পালন করবেন, তাঁরাই নেতৃত্বে থাকবেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাঁদের পরিবর্তে অন্যদের দায়িত্ব দিতে হবে।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ৩০তম বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী বলেন, কুষ্টিয়া তাঁর শিকড় এবং এ জেলার মানুষের কল্যাণে কাজ করাকে তিনি দায়িত্ব মনে করেন। সমিতিকে এগিয়ে নিতে হলে এমন ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে, যাঁরা সময় দিতে পারবেন এবং আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, ঢাকায় বসবাসরত কুষ্টিয়ার মানুষের মধ্যে যোগাযোগ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমিতির কার্যক্রমে নারী, তরুণ ও নতুন প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মেধাবীদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে দল-মতনির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সমিতিকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রেখে একটি জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা আক্তারুজ্জামান কাজল মাজমাদার। এ সময় প্রধান প্রকৌশলী জামানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কাজী হাবিবুল বাসারসহ সমিতির সাবেক সভাপতি, উপদেষ্টা, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সাধারণ সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মতামত দিন